মান্দায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু
নওগা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ৯২৯ মেট্রিক টন আমন ধান এবং মিলারদের কাছ থেকে ১১৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রসাদপুর খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
উদ্বোধনী বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, কৃষি ও ধান উৎপাদনে নওগাঁ জেলা বরাবরই দেশের শীর্ষস্থানীয়। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো মান্দা উপজেলাতেও সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।
খাদ্যগুদামে ধান ও চাল জমা দেওয়ার ক্ষেত্রে কৃষকদের হয়রানির অভিযোগ প্রসঙ্গে অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত আর্দ্রতা ও গুণগত মান বজায় রাখা বাধ্যতামূলক। ধানের আর্দ্রতা নির্ধারিত মাত্রার বেশি হলে তা পুনরায় শুকিয়ে আনতে বলা হয়, যা অনেক কৃষক বাড়তি ঝামেলা মনে করেন। তবে নির্ধারিত মান না মেনে শস্য গুদামজাত করলে দীর্ঘদিন সংরক্ষণে তা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এতে সরকারি খাদ্য মজুতের পাশাপাশি উপকারভোগীদের মাঝে বিতরণের সময়ও ক্ষতির আশঙ্কা তৈরি হয়। তাই সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, চলতি মৌসুমে মান্দা উপজেলায় কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৯২৯ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১১৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোছা. সাবরিন মোস্তরী, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোছা. মমতাজ বেগমসহ স্থানীয় কৃষক ও চালকল মালিকরা।




























