বসুন্ধরায় কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন
যমুনা নিউজ বিডি: বাংলাদেশে যাত্রা শুরুর দুই দশকের মাথায় ৫০তম আউটলেট চালু করেছে আন্তর্জাতিক ফুড ব্র্যান্ড কেএফসি। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে নতুন এই রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশে কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ট্রান্সকম ফুডস লিমিটেড ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছে। নতুন আউটলেটটি আধুনিক নকশা ও আন্তর্জাতিক ডিজাইনের আদলে তৈরি করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম বড় কেএফসি রেস্তোরাঁ, যেখানে একসঙ্গে ১৩০ জন অতিথির বসার ব্যবস্থা রয়েছে।
সম্পূর্ণ ডিজিটাল সুবিধাসম্পন্ন এই আউটলেটে রয়েছে চারটি সেলফ-অর্ডারিং কিয়স্ক। এর মাধ্যমে অতিথিরা নিজেরাই সহজে ও দ্রুত খাবারের অর্ডার দিতে পারবেন।
৫০তম আউটলেট উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় বিভিন্ন আয়োজনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।
এ বিষয়ে ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, ‘বাংলাদেশে কেএফসির এই অগ্রযাত্রা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। গ্রাহকদের আস্থা ও ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। তাদের প্রত্যাশা পূরণে ভবিষ্যতেও মানসম্মত খাবার ও সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।’





























