হবিগঞ্জে উৎসবমুখর পরিবেশে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুরু
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চা শ্রমিকরা আজ শনিবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিচ্ছেন। জেলার চার উপজেলার ২৬টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে যা বিকেল ৪টা পর্যন্ত চলবে।
চুনারুঘাট, মাধবপুর, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ৪৩টি পঞ্চায়েত ও একটি ভ্যালিতে মোট ২১ হাজার ২১৭ জন ভোটার রয়েছে, যার মধ্যে ১১ হাজার ৬৮ জন নারী এবং ১০ হাজার ১৪৯ জন পুরুষ। ভোটের সুবিধার জন্য ৮৫টি বুথ স্থাপন করা হয়েছে।
দেশের পাঁচ জেলার চা বাগানে এই ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি ও পঞ্চায়েত কমিটির নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ১ লাখ ৪৮ জন শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করছেন এবং প্রায় সাত হাজার প্রার্থী ছয় শতাধিক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন উপলক্ষে চা বাগানগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে, দীর্ঘদিন পর ভোটের সুযোগ পেয়ে শ্রমিকরা পছন্দের প্রতিনিধিকে বেছে নিতে আগ্রহী। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে হবিগঞ্জের নৃপেণ পালসহ জেলার ভ্যালি ও পঞ্চায়েত পর্যায়ের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শ্রমিকরা নির্বাচিত নেতাদের কাছে মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার, নিয়মিত পারিশ্রমিক, আবাসন, শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করার প্রত্যাশা রাখছেন।
নির্বাচন সুসম্পন্ন করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তার দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, সীমান্তসংলগ্ন বাগানগুলোর নিরাপত্তার জন্য বিজিবি’র সঙ্গে সমন্বয় করা হয়েছে।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর অন্তর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর এবার আবারও শ্রমিকরা নিজেদের প্রতিনিধিকে নির্বাচনের সুযোগ পাচ্ছেন।























