রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
রাজবাড়ী প্রতিনিধি: ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে রাজবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
আজ শনিবার দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সুস্থভাবে জীবনযাপনের বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম।
র্যালি শেষে সকাল ১০টায় রাজবাড়ী ডায়াবেটিক সমিতির হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ-উল-হাসানের সভাপতিত্বে সভায় প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, সহকারী কমিশনার এস এম রায়হানুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ইমদাদুল হক মিলন, ডা. আসিফ ইকবাল, ডা. উম্মে সারা দিশা এবং ডা. ফারহা দিল হাসমা তৃষা।
সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে প্রায় এক কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। বিশ্বে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত। ২০২৪ সালে বিশ্বে ডায়াবেটিসের জটিলতায় ৩৪ লাখ মানুষ মারা গেছেন।তারা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা ও চিকিৎসার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরও জানান, রাজবাড়ী ডায়াবেটিক হাসপাতালে নিয়মিত রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। তবে এখানে আবাসিক চিকিৎসার ব্যবস্থা নেই। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ছাড়া রোগীদের কাঙ্ক্ষিত উপকার নিশ্চিত করা সম্ভব নয় বলেও জানান তারা।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, খাবারের অভ্যাসের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। শিশুদের চিপসের দেবার পরিবর্তে একটি ডিম খেতে দিলে তা তাদের শরীরে পুষ্টি ও শক্তি জোগাতে সহায়তা করবে বলেও উল্লেখ করেন তিনি।
























