রাতের আলোয় নতুন রূপ পেয়েছে লালমনিরহাট শহর
লালমনিরহাট প্রতিনিধি: রাত নামলেই সড়কবাতির আলোয় ঝলমল করছে লালমনিরহাট শহর।
প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই আলোকায়নের ফলে বদলে গেছে এ শহরের রাতের চিত্র। বেড়েছে নাগরিকদের চলাচলের স্বস্তি, পাশাপাশি শহরের সৌন্দর্যও।
দৃষ্টিনন্দন আলোকসজ্জায় মুগ্ধ স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীরা। অনেকে শহরটিকে বলছেন ‘আলোর শহর লালমনিরহাট’।
পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মদিনাপাড়া এলাকার বাসিন্দা সংস্কৃতিকর্মী তৌহিদুল ইসলাম চঞ্চল (৪৫) বাসসকে বলেন, সড়কবাতির আলোয় লালমনিরহাট শহর নতুন রূপ পেয়েছে। আলো মানুষের মনে আনন্দ, স্বস্তি ও ইতিবাচক অনুভূতি তৈরি করে। শহরের এমন নান্দনিক পরিবর্তন প্রশংসনীয়।
বালাটারী এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৬২) বলেন, নির্বাচনের আগে শহরকে পরিকল্পিতভাবে সাজানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, চলমান উন্নয়নকাজে তার প্রতিফলন দেখা যাচ্ছে। বিশেষ করে সড়কের মাঝখানে স্থাপিত স্ট্রিট লাইট শহরের সৌন্দর্য বাড়িয়েছে।
অটোরিকশাচালক হাফিজুর রহমান (৪০) বলেন, সড়কে পর্যাপ্ত আলো থাকায় রাতে যানবাহন ও পথচারীদের চলাচল সহজ হয়েছে।
লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী তন্ময় আহমেদ (১৮) বলেন, আধুনিক সড়কবাতির আলোয় রাতের শহর নতুন রূপ পেয়েছে। শহরকে নান্দনিকভাবে সাজানোর এ উদ্যোগ প্রশংসনীয়।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম সাদেকী বাসসকে বলেন, সড়কবাতি স্থাপনের ফলে রাতে নাগরিকদের চলাচলে স্বস্তি ও নিরাপত্তা বাড়ছে। পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাচ্ছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।
সরেজমিনে দেখা যায়, জেলা শহরের রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত সড়কে ডেকোরেটিভ গার্ডেন ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। প্রতিটি পোলে রয়েছে ১৩টি করে আধুনিক বাতি। এসব বাতির আলোয় সড়কটি দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। এ ছাড়া শহরের অন্যান্য প্রধান সড়ক ও বিভিন্ন এলাকাতেও নতুন সড়কবাতি স্থাপন করা হয়েছে।
রংপুর বিভাগের নয়টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কাজ বাস্তবায়ন করছে লালমনিরহাট পৌরসভা। গত ১১ মে ২০২৬ তারিখে সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পৌরসভা সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় হয়ে সার্কিট হাউস পর্যন্ত ৫৪টি ডেকোরেটিভ গার্ডেন ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ৮৬৭ টাকা।
এ ছাড়া শহরের অন্যান্য সড়ক ও অলিগলির প্রায় ২২ কিলোমিটার এলাকায় ৭৪৪টি নতুন সড়কবাতি স্থাপন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকা। চারটি প্রকল্পের আওতায় এসব উন্নয়নকাজে মোট ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ২১ লাখ টাকা।
লালমনিরহাট পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. আতিকুর রহমান বাসসকে বলেন, ২০২৫-২৬ অর্থবছরে চারটি প্রকল্পের আওতায় শহরে স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়ক ও অলিগলিতে আলোকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে।
পৌরসভার কর্মকর্তা ও শহর পরিকল্পনাবিদ এ.এস.এম. আশরাফুজ্জামান তালুকদার বাসসকে বলেন, শহরের আরও গুরুত্বপূর্ণ সড়কে স্ট্রিট লাইট স্থাপন এবং সৌন্দর্যবর্ধনের জন্য পরিকল্পনা ও নকশা তৈরির নির্দেশনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায় বাসসকে বলেন, আগামী দিনে লালমনিরহাট শহরের সৌন্দর্য আরও আধুনিক ও যুগোপযোগী করার পরিকল্পনা রয়েছে। এছাড়া পৌরসভার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত রয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সালাম বাসসকে বলেন, আলোকায়নের ফলে সড়কে নাগরিকদের চলাচলের নিরাপত্তা বাড়ার পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে আরও সড়কে আধুনিক সড়কবাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৭২ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠিত লালমনিরহাট পৌরসভা ২০০৫ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার আয়তন ১৭ দশমিক ৯৫ বর্গকিলোমিটার।
২০২২ সালের জনশুমারি অনুযায়ী, পৌরসভার জনসংখ্যা ৬৭ হাজার ৩৫৫ জন। একই জনশুমারি অনুযায়ী, সদর উপজেলার জনসংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৪৬৩ জন। জেলার পাঁচ উপজেলার মানুষ চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, আদালতসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন জেলা শহরে আসেন। ফলে পৌরসভার নাগরিকসেবার ওপর শহরের বাইরের মানুষেরও নির্ভরতা রয়েছে।




























