প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ গ্রাম পুলিশের সম্মাননা পেলেন শংকর
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গ্রাম পুলিশ (মহল্লাদার) শংকর হাওলাদার এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি সম্মাননা সনদ গ্রহণ করেন। পেশাগত দায়িত্বে সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম পুলিশের কাজ করে আসছেন শংকর। থানার চৌকিদার প্যারেডে তিনি নিয়মিত অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ এবং সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও তার ভূমিকা রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করেন তিনি।
নিরাপত্তার কাজের বাইরেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রেখেছেন শংকর। ২০২৬ সালের জুলাইয়ে ০-১ বছর বয়সীদের জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে রতনদী তালতলী ইউনিয়ন। একই সময়ে এ কার্যক্রমে দেশসেরা হয় গলাচিপা উপজেলাও। এই সাফল্যে বিশেষ অবদান রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সেই স্বীকৃতির পর আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার ভূমিকার জন্য এবার তিনি জাতীয় পর্যায়ের সম্মাননা পেলেন।
শংকরের এ অর্জনে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবায় তার ভূমিকা অন্য গ্রাম পুলিশদের জন্য অনুকরণীয়।



























