কাহালুতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
ষ্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় বগুড়ার কাহালুতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ নভেম্বর (শনিবার) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইনাম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেক।
এ ছাড়া আলোচনায় অংশ নেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাবুদ্দিন, কাহালু প্রেসক্লাবের সভাপতি ও পৌর কৃষক দলের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ কুতুব শাহাবউদ্দিন বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মাহবুব হাসান ও জুলাইযোদ্ধা আবুল বাশার। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কাহালু উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা একটি আকর্ষণীয় দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।



























