কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল
বাগেরহাট প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।
বুধবার বিকেল ৪টায় জেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা অতিক্রম করে বাগেরহাট বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খাদেম নিয়ামুন নাসির আলাপ,শেখ শমসের আলি মোহন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেই মতপার্থক্য প্রকাশের ভাষা হতে হবে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও দায়িত্বশীল। কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠী সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কৃষিবিদ শামীম আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার সবচেয়ে বড় প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবন-জীবিকার ওপর। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এর ফলে ক্ষতিগ্রস্ত হন।
যোগাযোগব্যবস্থা ও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হলে কৃষকের উৎপাদিত পণ্য যথাসময়ে বাজারে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এতে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন এবং সাধারণ ভোক্তাদেরও বাড়তি মূল্য দিতে হয়। তাই দেশের অর্থনৈতিক অগ্রগতি, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা অপরিহার্য।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীরা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।



























