শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ থাকবে না: হুইপ দুলু
যমুনা নিউজ বিডি: যতদিন পর্যন্ত পলাতক শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও পোড়াও নৈরাজ্যের বিরুদ্ধে’ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘শেখ হাসিনা নাকি ১৬ ডিসেম্বরে আসবে। আসলে একটা নাটক করবে। উনি কীভাবে উঠবেন প্লেনে? উনি প্লেনে উঠতে পারবেন না। কারণ, তিনি বাংলাদেশের বিচারে খুনি এবং কনভিক্টেড। কোনো খুনি তো প্লেনে উঠতে পারেন না। তার তো পাসপোর্ট নেই। সেটি বাতিল হয়ে গেছে। সেজন্য বাংলাদেশ তাকে ভারত সরকারের কাছে ফেরত চাইছে। আইন অনুযায়ী ভারত সরকার একজন আসামিকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। পরে তার ফাঁসি বা সাজা কার্যকর করা হবে। এটা আইন।’
দুলু বলেন, ‘আজকে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে নেতাকর্মীদের ঘরছাড়া করেছে। পরে তিনি আসবেন না এবং তখন বলবেন, আমাকে যেতে দিল না। তিনি আওয়ামী লীগের কর্মীদেরকে আবারও হতাশ করবে। সেজন্য বলি, আওয়ামী লীগ ও শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশের মানুষ ততদিন শান্তিতে থাকতে পারবে না।’
এ সময় যতদিন পর্যন্ত পলাতক শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয় বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে আওয়ামী লীগের নৈরাজ্য, অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে আর হতে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ার করেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘দীর্ঘ দেড় যুগ ধরে আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল এবং লুটপাটের মাধ্যমে অর্থনীতি, ব্যাংক ও শিল্পকারখানাসহ বিভিন্ন খাত ধ্বংস করেছে। তার দাবি, পাচার করা অর্থ দিয়ে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে।’
তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে সাংবাদিকদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং ডিজিটাল আইনের মতো বিশেষ আইনের মাধ্যমে সত্য প্রকাশে বাধা ও কণ্ঠরোধ করা হয়েছিল।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হুইপ দুলু বলেন, ‘গণ-অভ্যুত্থান তথা ৫ আগস্টের পট পরিবর্তনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সরকারে এবং ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামী বিরোধী দলে রয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন।’
গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক ঘটনার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সেখানে থানা, উপজেলা পরিষদ ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়েছে। তবে বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এলাকার এমপি ও সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করা হয়েছে, যাতে অগ্নি-সন্ত্রাস ও ককটেল হামলার মতো ঘটনা চিরতরে নির্মূল করা যায়।
আগামী ১৬ ডিসেম্বরকে সামনে রেখে সম্ভাব্য অস্থিতিশীলতা ও আতঙ্ক তৈরির চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দুলু বলেন, ‘প্রতিটি নাগরিকের উচিত নিজ নিজ এলাকায় পাহারা দিয়ে সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করা। এ লক্ষ্যে বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের আন্দোলনে ক্ষমতাচ্যুত কোনো শক্তি অতীতে ফিরতে পারেনি এবং ভবিষ্যতেও আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার সুযোগ নেই।’
বক্তব্যের শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলু দেশের মানুষকে শান্তি ও গণতান্ত্রিক ধারা রক্ষায় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।























