দেশজুড়ে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে জড়িতদের শনাক্তের আহ্বান বিরোধী দলীয় নেতার
যমুনা নিউজ বিডি: তৈরি পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ এবং দেশজুড়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষের পেছনে তৃতীয় একটি পক্ষ রয়েছে, বিষয়টি এখন স্পষ্ট। তাই আমাদের সুস্পষ্ট দাবি, এসব ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতার করতে হবে।’
আজ জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন সম্পন্ন হয়।
বিরোধীদলীয় নেতা বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ মানুষ সরাসরি জড়িত। এ খাতের শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানাচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, শ্রমিক অসন্তোষের নামে চামড়াশিল্পের কারখানা, সিরামিক শিল্পপ্রতিষ্ঠান ও বিদ্যুৎকেন্দ্রে হামলা কেন হচ্ছে?
তিনি বলেন, কোনো শ্রমিক নিজের উপার্জনের উৎস কারখানা ধ্বংস করতে পারেন, এটি বিশ্বাসযোগ্য নয়।
এসব কর্মকাণ্ড নিঃসন্দেহে দুষ্কৃতকারীদের কাজ।
শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।
রপ্তানির মাধ্যমে এ খাত দেশের বৈদেশিক মুদ্রা আয়ের উল্লেখযোগ্য অংশ জোগান দেয়। এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে জাতীয় অর্থনীতিতে সুদূরপ্রসারী প্রভাব পড়বে।
বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সরকার, বিরোধী দল ও তাদের জোটের সব পক্ষকে নির্বাচনের আগের সময়ের মতো আবারও ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে দুর্বলতা তৈরি হওয়ায় ফ্যাসিবাদী শক্তি সুযোগ পেয়েছে।
তিনি গণভোটে জনগণের দেওয়া রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বর্তমান সংসদকে জনগণের প্রত্যাশার সংসদ উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা দু’টি নির্বাচনে অংশ নিয়ে এখানে এসেছি। এর একটি বাস্তবায়িত হয়েছে, কিন্তু অন্যটি অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়িত হয়নি। আর এ সুযোগেই ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ঐক্যবদ্ধ হতে পারলে ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না। ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ ও ষড়যন্ত্র মোকাবিলা করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।






























