ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের
যমুনা নিউজ বিডি: জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি ‘গৃহযুদ্ধ’ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।
তিনি আরও বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখবেন।’
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তাঁদের বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। সংসদে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলের নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।
স্পিকার সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান তিনি।
পরে স্পিকার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জারি করা অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন।




























