প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা মানে শুধু একটি সার্টিফিকেট অর্জন নয়। প্রকৃত শিক্ষা একজন মানুষকে সচেতন, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। শিক্ষার মাধ্যমে নিজেকে দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করাই প্রত্যেক শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সরকারি সিটি কলেজ অডিটোরিয়ামে ডাক দিয়ে যাই সংগঠনের উদ্যোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি- ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ‘নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, আজ যারা নবীন শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবনে প্রবেশ করেছেন, তাদের প্রতি প্রত্যাশা থাকবে, তারা যেন শুধু সার্টিফিকেট অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রাখেন। বরং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা, সদস্য আনোয়ার হোসেন লিপু, অধ্যাপক শামীম কবির।



























