দেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে সামাজিক আন্দোলনের আহ্বান জ্বালানি মন্ত্রীর
যমুনা নিউজ বিডি: জ্বালানি সংকট থেকে দেশকে রক্ষা করতে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দিয়ে দেশব্যাপী সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জ্বালানি মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে বিভিন্ন মিটিংয়ে জ্বালানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, জ্বালানি সংকট উত্তরণে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌরবিদ্যুৎ ব্যবহারের কোনো বিকল্প নেই। বর্তমানে ব্যাটারি ও প্যানেল বসিয়ে খুব সহজেই ঘরে ঘরে সোলার সিস্টেম চালু করা সম্ভব।
মন্ত্রী বলেন, গত ৮ মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে, যা জনগণেরই করের টাকা। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে বৈদেশিক মুদ্রা ও সরকারি রাজস্ব সাশ্রয় হবে, যা দেশের অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে। একইসঙ্গে সোলার স্থাপন করলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লাভেরও সুযোগ রয়েছে বলে জানান তিনি।
এ সময় তিনি ‘বেশি বেশি সোলার লাগান, কম-কম বিদেশের ওপর নির্ভর করুন’ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সোলার আন্দোলন গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, মাদকের কবলে পড়ে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। মাদক যুবসমাজকে গ্রাস করলে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই এর বিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মামুন অর রশিদ।
এছাড়া বিভিন্ন উপজেলার ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা), আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।


























