বগুড়ার সাবগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় এসএসসি পরীক্ষায় এ প্লাস (জিপিএ-৫) অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বগুড়া সদরের সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের সভাপতি মো. ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না। পাশাপাশি মানবিকতা, সততা ও দেশপ্রেমের শিক্ষাও গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান সবচেয়ে বেশি উল্লেখ করে তিনি বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব অভিভাবকদেরও নিতে হবে। শিক্ষার পরিবেশ উন্নত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রমজান আলী আকন্দ ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সালেহ নয়ন, সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ফজলুল হক সরকার ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুল কবির সাজু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম রকি, চান্দপাড়া ঈদগাহ মাঠের সভাপতি আতাউর রহমান সরকার, সমাজসেবক ছরওয়ার্দী সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় এ প্লাস অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।





























