সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ, সতর্ক করল মন্ত্রণালয়
যমুনা নিউজ বিডি: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ ধরনের ফোনকল ও বার্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, একটি প্রতারক চক্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। বিভিন্ন ফোন নম্বর থেকে কল, মেসেজ কিংবা অন্য মাধ্যমে তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ফোনকল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতারক চক্রের ফাঁদে পড়ে কেউ যেন আর্থিক ক্ষতির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি (+৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮) নম্বরও উল্লেখ করা হয়েছে।

























