সাবেক বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লিনারেসকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ
যমুনা নিউজ বিডি: সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন হোর্হে লিনারেসকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ। বিশ্ব বক্সিং অ্যাসোসিয়েশনের (ডব্লিউবিএ) সভাপতি এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
৪১ বছর বয়সী ভেনেজুয়েলার এই বক্সার তিনটি ভিন্ন ওজন শ্রেণিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।
গত ১৫ নভেম্বর তিনি জানান, টেক্সাসের এল পাসোতে তাকে আটক করা হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডব্লিউবিএ সভাপতি গিলবার্তো মেন্দোজা লিখেছেন, ‘আমাদের বন্ধু ও সাবেক ডব্লিউবিএ বিশ্বচ্যাম্পিয়ন হোর্হে লিনারেস তার পরিবারের কাছে ফিরে এসেছেন।’
লিনারেসের আটকের খবর প্রথমে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আসে। পরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) বিষয়টি নিশ্চিত করে। তখন তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের আইনি প্রক্রিয়া চলছিল।
আটকের পর এক্সে লিনারেস লিখেছিলেন, ‘এটা পাগলামি!’
সে সময় তার আইনজীবীরা বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধ অনুমতি রয়েছে তার এবং তিনি অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন।’
নিজ প্রজন্মের অন্যতম দক্ষ বক্সার হিসেবে পরিচিত লিনারেস ২১ বছরের ক্যারিয়ারে ফেদারওয়েট, সুপার ফেদারওয়েট ও লাইটওয়েট— এই তিন ওজন শ্রেণিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।
‘দ্য গোল্ডেন বয়’ নামে পরিচিত লিনারেস ২০০৭ সালে প্রথম বিশ্ব শিরোপা জয় করেন।






























