বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ থেকে ছিটকে গেলেন কোয়েৎজি ও মাফাকা
যমুনা নিউজ বিডি: বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে জোড়া চোটের ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার জেরাল্ড কোয়েৎজি ও কোয়েনা মাফাকা।
তাদের চোটের কারণে দুই দলেই পরিবর্তন আনতে হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার তিয়ান ফন ভুরেন ও জেজে ব্যাসন। এদিকে টি-টোয়েন্টি দলে যুক্ত হয়েছেন ইথান বশ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই দলেই জায়গা পাওয়া কোয়েৎজি পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিপক্ষে সিএসএ চার দিনের সিরিজের প্রথম বিভাগের ম্যাচে লায়ন্সের হয়ে খেলার সময় অ্যাডাক্টর পেশিতে চোট পান। ম্যাচটি শেষ হয় ২২ নভেম্বর।
ডানহাতি এই পেসার ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। প্রথম ইনিংসে ৪৭ বলে ৫৭ রান করার পর ১৫ ওভার বোলিং করে ১৮ রানে নেন ২ উইকেট। তবে প্রতিপক্ষকে ফলোঅন করানোর পর নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে আর বোলিং করেননি তিনি।
অন্যদিকে, অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে আবারও ধাক্কা খাওয়ায় টি-টোয়েন্টি দল থেকে প্রত্যাহার করা হয়েছে মাফাকাকে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানায়, “অনুশীলনের সময় ডান হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আবারও সমস্যায় পড়েছে মাফাকা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে প্রত্যাহার করা হয়েছে।”
আগামী ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একদিনের সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলেও জায়গা পেয়েছিলেন এই তরুণ পেসার।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাইটসের বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার ফন ভুরেন। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন, যেখানে তার ব্যাটিং গড় ২৫.৫৭।
অন্যদিকে, মাত্র ছয়টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ব্যাসন।
১৮ বছর বয়সী লায়ন্সের এই ব্যাটার বাঁহাতি মিডিয়াম পেসও করেন। এ সংস্করণে ৭.০৮ ইকোনমি রেটে তার শিকার পাঁচ উইকেট।
অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটারের বিপরীতে বশের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ বছরের সেপ্টেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন এই ক্রিকেটার।
এদিকে, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলেও পরিবর্তন এনেছে। মাফাকার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ডলফিনসের পেসার বায়ান্দা মাজোলা ও ওকুহলে সেলে।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : কেশব মহারাজ (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বশ, তিয়ান ফন ভুরেন, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফরচুইন, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, নকোবানি মোকোয়েনা, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, অ্যানরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, সিনেথেম্বা কেশিলে ও ট্রিস্টান স্টাবস।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : বিজর্ন ফরচুইন (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, কনর এস্টারহুইজেন, ডোনোভান ফেরেইরা, জর্ডান হারম্যান, ডুয়ান জানসেন, ইথান বশ, জেজে ব্যাসন, নকোবানি মোকোয়েনা, নকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ট্রিস্টান স্টাবস ও প্রেনেলান সুব্রায়েন।
সিরিজের সূচি
প্রথম ওয়ানডে : ১ ডিসেম্বর, কুগোম্পো সিটি
দ্বিতীয় ওয়ানডে : ৪ ডিসেম্বর, গকেবেরহা
তৃতীয় ওয়ানডে : ৭ ডিসেম্বর, কেপটাউন
প্রথম টি-টোয়েন্টি : ১০ ডিসেম্বর, কিম্বার্লি
দ্বিতীয় টি-টোয়েন্টি : ১২ ডিসেম্বর, বেনোনি
তৃতীয় টি-টোয়েন্টি : ১৩ ডিসেম্বর, সেঞ্চুরিয়ন






























