নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর
যমুনা নিউজ বিডি: রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে রোববার (২২ নভেম্বর) দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা। সেখানে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
শ্রমিকের নিরাপত্তার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের পাশাপাশি শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা সমান গুরুত্ব পাবে। প্রতিটি শ্রমিক যেন দিন শেষে সুস্থ ও নিরাপদে তাঁর পরিবারের কাছে ফিরে যেতে পারেন।’
মজুরি বোর্ড নিয়ে তাঁর বক্তব্য ছিল, ‘আমি আশা করব, এই মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা, আমাদের শিল্পমালিকদের প্রত্যাশা এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে।’ শ্রমিক ও মালিকের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। সম্মেলনকে ‘শ্রমিক-মালিকের মিলনমেলা’ উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী বছর তিনি দুই পক্ষের মধ্যে একটি ভালো সম্পর্ক দেখতে চান।
দেশে চলমন ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শ্রমমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের এই দেশের ভেতরে যে ধরনের ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে জনগণ সচেতন আছেন। শ্রমিক ও মালিকদের প্রতিও আমরা অনুরোধ করব, আপনারাও যেন সজাগ থাকেন। আমরা সকলে সজাগ থাকলে এ ধরনের দুর্বৃত্তায়ন থেকে রক্ষা পাব।’
শ্রমিকদের চিকিৎসাসেবা নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান আরিফুল হক চৌধুরী। তাঁর ভাষ্য, শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমান ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে হাসপাতালের জন্য জমি দেখার কাজ শুরু হয়েছে। মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই এসব হাসপাতালের কার্যক্রম শুরু করা হবে। বর্তমান সরকারকে তিনি ‘অত্যন্ত শ্রমিকবান্ধব’ উল্লেখ করে আশা প্রকাশ করেন, শ্রমিক ও মালিক মিলে দেশের শিল্পে আমূল পরিবর্তন আনবেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।























