‘ইঠা’ ছবির জন্য ৮ কেজির ঘুঙুর পরে দৈনিক ৮ ঘণ্টা মহড়া দিয়েছিলেন শ্রদ্ধা কাপুর
যমুনা নিউজ বিডি: আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘ইঠা’। মহারাষ্ট্রের তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমার শুটিং ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন কোরিয়োগ্রাফার বৈভবী মার্চেন্ট। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে নাচতে গিয়ে শ্রদ্ধার চোট পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন তিনি।
এক সাক্ষাৎকারে বৈভবী মার্চেন্ট জানান, পরিচালক লক্ষ্মণ উতেকর ছবির দ্বিতীয়ার্ধ ও ক্লাইম্যাক্স গানের শুটিং আগে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই পর্যায়ের চরিত্রের জন্য শ্রদ্ধাকে প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়াতে হয়েছিল। অতিরিক্ত ওজনের কারণে দ্রুত নাচের ভঙ্গি বদলানোর সময় হাঁটু ও পায়ের পেশিতে চাপ পড়ত এবং তাকে কঠিন মহড়া ও কন্ডিশনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়।
বৈভবীর তথ্য অনুযায়ী, ক্লাইম্যাক্স গানের শুটিংয়ের দ্বিতীয় দিন দুপুরের খাবারের ঠিক আগে একটি দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড রোদে গরম হয়ে যাওয়া মেঝের ওপর খালি পায়ে নাচতে গিয়ে গুরুতর চোট পান শ্রদ্ধা। ওই ঘটনার পর ইউনিটে দুশ্চিন্তা তৈরি হলেও প্রায় দুই মাস বিশ্রাম ও ফিজিওথেরাপির পর আবার শুটিংয়ে ফেরেন তিনি। পরে প্রতিটি লাবণী নাচের আগে ও পরে তার জন্য ওয়ার্ম-আপ, কুল-ডাউন ও ফিজিওথেরাপি বাধ্যতামূলক করা হয়।
পুনেতে ছবির গান ‘জি জি রে জি’-এর প্রকাশনা অনুষ্ঠানে পরিচালক লক্ষ্মণ উতেকরও শ্রদ্ধার প্রস্তুতির কথা জানান। পরিচালকের ভাষ্য অনুযায়ী, প্রতিটি গানের জন্য ২৫ দিন করে মহড়া করেছেন শ্রদ্ধা এবং প্রতিদিন ৮ ঘণ্টা অনুশীলন করতেন। দুই পায়ে ৪ কেজি করে মোট ৮ কেজি ওজনের ঘুঙুর পরে নাচের মহড়া দিতেন তিনি।
লক্ষ্মণ উতেকর জানান, টানা মহড়ায় শ্রদ্ধার পা ফুলে যেত। তামাশা ও লাবণী নাচের ধরন আয়ত্ত করতে অনুশীলনে সময় দিতেন তিনি। প্রথম দিনের শুটিং শেষ হলেও দ্বিতীয় দিন পেশি ছিঁড়ে যাওয়ায় শুটিং স্থগিত করতে হয়েছিল বলে জানান নির্মাতা।
মহারাষ্ট্রের তামাশা ও লাবণী নৃত্যের পটভূমিতে তৈরি ‘ইঠা’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুডা, মহম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।































