বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩০৫ জনের নামে মামলা
ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলার কাহালুতে গ্রামীণ ব্যাংক ও সড়কে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে কাহালু উপজেলার সাবানপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে মঞ্জুর রহমান সরদার বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারে কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৫৮), সহ-সভাপতি আনোয়ার হোসেন ও কামাল উদ্দিন কবিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী ও হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রতন এবং উপজেলা মহিলা লীগের সভাপতি আছমা বেগমসহ ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১৬০ থেকে ১৭০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিলের কর্মসূচি বাস্তবায়নের জন্য সমবেত হন।
এ সময় কাহালু থানার মালঞ্চা ইউনিয়নের অঘোর মালঞ্চা গ্রামের গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে মালঞ্চা থেকে রানীরহাটগামী পাকা সড়কে হামলা ও নাশকতা চালানোর অভিযোগ করা হয়েছে।
এজাহারে বলা হয়, তারা চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। বোমাগুলো বিস্ফোরিত হয়ে আগুন জ্বলে ওঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক মামলার বিষয়টি বাসসকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।






















