রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২
যমুনা নিউজ বিডি: ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আংশিকভাবে ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে সোমবার জোর তৎপরতা চালান ইউক্রেনের উদ্ধারকর্মীরা।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন যখন আরেকটি শীত মৌসুমের মুখোমুখি, তখন দেশটিতে প্রায় প্রতি রাতেই বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। দুই দেশের চলমান যুদ্ধ ইতোমধ্যে পঞ্চম বছরে গড়িয়েছে।
রাজধানী কিয়েভ থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে ডাইমার শহরে রাতভর চালানো রুশ হামলায় পাঁচতলা একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়ে আংশিক ধসে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভ অঞ্চলের কর্মকর্তা তিমুর তকাচেঙ্কো।
বার্তা সংস্থা এএফপির ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধোঁয়া ওঠা ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তকাচেঙ্কো লেখেন, ‘উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছেন। এতে ডাইমারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নয়জনে।’
এর আগে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ টেলিগ্রামে জানায়, নিহতদের মধ্যে একজন কিশোর এবং চল্লিশোর্ধ্ব এক নারী রয়েছেন।
তকাচেঙ্কো জানান, রোববার সন্ধ্যায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় একটি শিশুকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ আরও জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১১ জনের সন্ধানে অভিযান চালানো হচ্ছিল। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না, আবার কারও কাছে পৌঁছানোও যাচ্ছিল না।
ইউক্রেনের মানবাধিকারবিষয়ক ন্যায়পাল দিমিত্রো লুবিনেৎস এ হামলাকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘গণহত্যামূলক যুদ্ধের’ অংশ বলে উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বিশ্বের আর চোখ ফিরিয়ে রাখার সুযোগ নেই। এই সন্ত্রাসের নিন্দা জানান, রাশিয়াকে জবাবদিহির আওতায় আনুন এবং নিরপরাধ ইউক্রেনীয়দের হত্যা বন্ধে এখনই পদক্ষেপ নিন।’
এদিকে, ভিশনেভে একটি সুপারমার্কেটে রুশ হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
তকাচেঙ্কো বলেন, ‘মানুষজন কেবল নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দোকানে গিয়েছিলেন। কিন্তু রাশিয়ার হামলায় তাদের স্বাভাবিক কেনাকাটার যাত্রা এক মর্মান্তিক ঘটনায় পরিণত হয়েছে।
তিনি আরও জানান, বিলা তসেরকভা এলাকায় একটি ব্যক্তিগত বাড়িতে রুশ হামলায় আরও একজন নিহত হয়েছেন। হামলার পর বাড়িটিতে আগুন ধরে যায়।
ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাশিয়া দেশটির দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি বিদ্যুৎ উপকেন্দ্রেও হামলা চালিয়েছে।
তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি নেমে আসতে শুরু করায় ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো। বিশেষ করে দেশটির বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে।
এর আগে চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপের ওপর পুতিনের কর্তৃত্বের প্রতীক হিসেবে বিবেচিত এই সেতুটি।































