মৃত্যুর ২২৭ বছর পর নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হলো সাবেক মার্কিন প্রেসিডেন্টের চুল
যমুনা নিউজ বিডি: বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের (১৭৩২-১৭৯৯) একগুচ্ছ চুল গত শনিবার ৪০০০ ডলারে নিলামে বিক্রি হয়েছে। তিনি আমেরিকার জাতির পিতা হিসেবে পরিচিত।
দক্ষিণ ক্যারোলাইনার রিচমন্ড অকশনস নামের নিলাম প্রতিষ্ঠান এই ঐতিহাসিক স্মারকটি বিক্রি করেছে। তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি। এই খবর শনিবার (২১ নভেম্বর) সিবিএস নিউজ ও বিবিসি জানিয়েছে।
৪০০০ ডলারের দামটি ওয়াশিংটনের স্মারকগুলোর বাজারদরের তুলনায় বেশ কম। ২০২১ সালে তার তিনটি চুল সংরক্ষিত লকেট প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। এছাড়া চলতি বছরের জুলাইয়ে ১৭৭৬ সালের একটি স্বাক্ষরিত চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়েছে বলে জানা গেছে।
জন গ্যাডসবিকে নামে একজন হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ী ওয়াশিংটনের শেষ দুই জন্মদিন তার হোটেলে পালন করতেন। ১৯২৮ সালে তার নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার একটি হলফনামায় জানিয়েছেন, তার দাদা ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্বের স্মৃতিস্বরূপ এই চুল সংরক্ষণ করেছিলেন। পরে এটি সংগ্রাহক জন কে ল্যাটিমারের কাছে যায়।
১৮ ও ১৯ শতকে প্রিয়জনের স্মৃতিস্বরূপ চুল সংরক্ষণ করা একটি প্রচলিত রীতি ছিল। ওয়াশিংটন জীবিত থাকাকালীন নিজের চুল ঘনিষ্টজনকে উপহার দিতেন। মৃত্যুর পর তার স্মারক সংগ্রহের চাহিদা বেড়ে যায়। অধিকাংশ চুল সম্ভবত ১৭৯৯ সালে সমাধি করার আগে কাটা হয়েছিল।
বিবিসি জানায়, শুধু মাউন্ট ভার্ননে অন্তত ৫০ গুচ্ছ ওয়াশিংটনের চুল সংরক্ষিত রয়েছে। ইতিহাসবিদ কিথ বিউটলার যুক্তরাষ্ট্রের ১০০টিরও বেশি প্রতিষ্ঠানে তার চুল সংরক্ষণের তথ্য সংগ্রহ করেছেন। অধিকাংশ প্রতিষ্ঠান দেশটির পূর্ব উপকূলে অবস্থিত।
বিভিন্ন সংগ্রহে থাকা চুলের কারণে ঐতিহাসিক মূল্য সত্ত্বেও এই গুচ্ছ চুল বিক্রি হয়েছে মাত্র কয়েক হাজার ডলারে। ডিএনএ পরীক্ষার অভাবে চুলগুলো ওয়াশিংটনের কিনা নিশ্চিত হওয়া কঠিন। গোড়া না থাকার কারণে পরীক্ষাও জটিল। এরকম পরিস্থিতিতে জাল স্মারক বিক্রির ঘটনাও ঘটেছে। তাই ক্রেতারা মূলত মালিকানা ও উৎসের প্রামাণ্য ইতিহাসের ওপর গুরুত্ব দেন। গ্যাডসবি পরিবারের ১৯২৮ সালের হলফনামা ও ল্যাটিমারের মালিকানার তথ্য এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ওয়াশিংটন পরচুলা ব্যবহার করতেন না এবং তার সংরক্ষিত চুলের রং বিখ্যাত সাদা চুলের প্রতিকৃতির থেকে ভিন্ন ছিল। রিচমন্ড অকশনস ক্রেতার নাম ও ব্রিক্রির আদর্শ মূল্য প্রকাশ করেনি। ডিএনএ পরীক্ষার কোনো তথ্য পাওয়া যায়নি, তাই চুলটির ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের প্রমাণ এখনো মূলত গ্যাডসবি পরিবারের বর্ণনার ওপর নির্ভরশীল।

























