জাপানে অক্টোবরে মূল্যস্ফীতি ফের বেড়েছে, সুদের হার বাড়ানোর সম্ভাবনা
যমুনা নিউজ বিডি: খাদ্যপণ্য ও জ্বালানির দাম বাড়ায় জাপানে অক্টোবর মাসে আবারও মূল্যস্ফীতি বেড়েছে। এতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, তাজা শাকসবজি ও ফলমূলের মতো অস্থিতিশীল দামের পণ্য বাদ দিয়ে হিসাব করা মূল্যস্ফীতির হার অক্টোবরে বেড়ে ২ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এ হার ছিল ২ দশমিক ১ শতাংশ।
তবে ব্লুমবার্গের জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের পূর্বাভাস ২ দশমিক ৩ শতাংশের চেয়ে সর্বশেষ এই হার কিছুটা কম।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া এবং জাপানি মুদ্রা ইয়েনের দর দুর্বল থাকায় আমদানিনির্ভর পণ্যের দাম বাড়ছে। এর মধ্যে খাদ্যপণ্যও রয়েছে।
সরকার পেট্রল ও বিদ্যুতের ওপর দেওয়া ভর্তুকি কমিয়ে দেওয়ায় জ্বালানির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে আগে এসব ভর্তুকি দেওয়া হয়েছিল।
গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে জাপানে বিদ্যুতের দাম বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। অথচ সেপ্টেম্বরে বিদ্যুতের দাম ২ দশমিক ৪ শতাংশ কমেছিল।
অন্যদিকে, অক্টোবরে গ্যাসের দাম বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। সেপ্টেম্বরে এ বৃদ্ধির হার ছিল মাত্র শূন্য দশমিক ২ শতাংশ।
ক্যাপিটাল ইকোনমিকসের অর্থনীতিবিদ মার্সেল থিলিয়াঁ বলেন, সরকারের ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে। তার ভাষায়, ‘এক বছর পর প্রথমবারের মতো বিদ্যুতের মূল্যস্ফীতি ইতিবাচক ধারায় ফিরেছে।’
তিনি আরও বলেন, ‘শীত মৌসুমে সরকার আবারও ভর্তুকি চালু করবে। তবে এবার ভর্তুকির পরিমাণ স্বাভাবিক সময়ের তুলনায় বেশি হবে না।’
তিনি সতর্ক করে বলেন, ‘ভর্তুকি ছাড়া বিদ্যুতের মূল্য নির্ধারণের হার এখন রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ফলে শিগগিরই বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবার দাম দুই অঙ্কের হারে বাড়তে পারে।’
প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শীতকালে জ্বালানির বাড়তি চাহিদা সামাল দিতে নতুন করে ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি আগামী বছর থেকে খাদ্যপণ্যের ওপর দুই বছরের জন্য ভোগকর কমানোর পরিকল্পনাও করছেন তিনি।
তবে বিশ্লেষকেরা মনে করছেন, জাপানি মুদ্রা ইয়েনের দীর্ঘস্থায়ী দুর্বলতাও ভোক্তাপর্যায়ে পণ্যের দাম বাড়ার অন্যতম প্রধান কারণ।
গত মাসে জাপানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, দেশটিতে মূল্যস্ফীতি তাদের নির্ধারিত ২ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। আগামী কয়েক মাসে বিভিন্ন পণ্য ও সেবার দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি ২ শতাংশের স্পষ্ট ওপরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির চাহিদা বৃদ্ধির কারণে সেমিকন্ডাক্টরের মতো পণ্যের দাম বাড়াও মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে।
শুক্রবার প্রকাশিত মূল্যস্ফীতির সর্বশেষ পরিসংখ্যান জাপানের কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি আরও কঠোর করার পক্ষে যুক্তি জোরালো করবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় আগামী ডিসেম্বরেই জাপানের কর্মকর্তারা সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন।






























