ঋণের চাপে অনন্ত জলিলের ব্যবসা, বন্ধ কারখানা বেকার ১০ হাজার শ্রমিক
যমুনা নিউজ বিডি: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বড় সংকটে পড়েছে। ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থতা, কারখানা বন্ধ এবং শ্রমিকদের কর্মসংস্থান হারানোর ঘটনায় তার ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ১০ হাজারের বেশি শ্রমিক বেকার হয়েছেন। গ্যাস বিল বকেয়া থাকা এবং গ্যাস চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানাগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসা সচল রাখতে নানা উদ্যোগ নিয়েও তিনি সফল হননি। কারখানাগুলো ভাড়া দেওয়ার চেষ্টাও কাজে আসেনি।
এর মধ্যে ঋণের টাকা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির কাছে এবি অ্যাপারেলস লিমিটেডের বকেয়া ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে এই ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। এরপর দেওয়া একটি চেক গত ২ নভেম্বর পর্যাপ্ত অর্থ না থাকায় প্রত্যাখ্যাত হয়। নোটিশে ৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
নিজের সংকট নিয়ে গণমাধ্যমকে অনন্ত জলিল জানিয়েছেন, করোনাকালে কাজ না থাকলেও শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতা দিতে তিনি প্রায় ২০০ কোটি টাকা ঋণ নেন। পরে ওই ঋণের সুদ বাড়তে থাকায় দেনার অঙ্কও বেড়েছে। এ সংকটের কারণ হিসেবে তিনি বৈশ্বিক মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো প্রতিকূল পরিস্থিতির কথা বলেছেন। তার মতে, ব্যাংকের আন্তরিক সহযোগিতা ছাড়া এ অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
প্রতিষ্ঠানগুলোকে সংকট থেকে উদ্ধারে দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে যোগাযোগ করেছেন অনন্ত জলিল। জানা গেছে, একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও কয়েক দফা বৈঠক করেছেন তিনি। তবে এসব উদ্যোগে প্রত্যাশিত সাড়া মেলেনি।
চলচ্চিত্রে বেশি সময় দেওয়ার কারণেই ব্যবসার এ অবস্থা হয়েছে কি না, তা নিয়েও আলোচনা আছে। এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অনন্ত জলিল। এখন ব্যবসায়িক সংকট ও ঋণের বোঝা সামাল দেওয়াই তার সামনে বড় চ্যালেঞ্জ।



























