চলতি বছর দিনাজপুরে বিজিবির অভিযানে সাড়ে ৪৫ কোটি টাকার পণ্য উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি চলতি বছর ৪৫ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের মাদক দ্রব্য এবং চোরাচালানি পণ্য আটক ও উদ্ধার করেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের গত ১০ মাসে বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক ও উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের রয়েছে, ফেন্সিডিল, বিভিন্ন ধরনের ভারতীয় নেশা জাতীয় সিরাপ, ইয়াবা ট্যাবলেট, ইজিকাপ ট্যাবলেট, বিভিন্ন ধরনের নেশা জাতীয় ট্যাবলেট, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, ভারতীয় মদ, হিরোইন ও গাঁজা।
চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় বিভিন্ন শাড়ি, থান কাপড়, থ্রি পিস, চাদর, বেডসিড, মসলা, বেকারি দ্রব্য, চিনি, ওষুধসহ অনেক ধরনের পণ্য।
বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্র্নেল এমএম জিল্লুর রহমান বাসসকে জানান, গত অক্টোবর মাসে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে প্রায় ৯৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৩ জন মাদককারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। অভিযানে পালিয়ে যাওয়া আসামিদের শনাক্ত করে, তাদের আটকের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তের প্রায় ৯৯ কিলোমিটার এলাকায় ২১টি বর্ডার আউট-পোস্টের বিওপি ক্যাম্পে অবস্থিত বিজিবি সদস্যদের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন কার্যক্রম চালানো হচ্ছে।
সীমান্তের অপরাধ প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। নিয়মিত টহল ব্যবস্থায় বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক পাচার, চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের গত অক্টোবর মাসে পরিচালিত অভিযানে ৫৩৬ বোতল মদ, ১০৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ২৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭১০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৪১ পিস বিভিন্ন ধরনের নেশা জাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৩৭৫ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
এছাড়া চোরাচালান সংশ্লিষ্ট একটি ট্রাক ও একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের মূল্য ৯৪ লাখ ২৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধী চক্রের যে কোন অপতৎপরতা কঠোরভাবে দমন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ৪২ বিজিবির অভিযান ও নজরদারী অব্যাহত থাকবে।




























