অতীত পেছনে ফেলে বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও দৃঢ় হবে: স্পিকার হাফিজ উদ্দিন
যমুনা নিউজ বিডি: পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘদিনের ভ্রাতৃত্ববোধ অটুট রেখে অতীত পেছনে ফেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে উভয় পক্ষই সম্মত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বর্তমানে পাকিস্তান সফরে থাকা স্পিকার হাফিজ উদ্দিন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সবাই আমাদের অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে অত্যন্ত আন্তরিক ও অর্থবহ আলোচনা হয়েছে।
তিনি বলেন, আমরা অতীতকে পেছনে ফেলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং আমাদের ভ্রাতৃত্ব অটুট থাকবে। তাদের আতিথেয়তা সত্যিই অসাধারণ, আর এখানে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ভিডিও বা মন্তব্যগুলো কোন প্রেক্ষাপটে করা হয়েছে তা জানা যায়নি।
এর আগে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে গত ২৩ নভেম্বর ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা হন হাফিজ উদ্দিন আহমদ। এই সফরে তার সঙ্গে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জাহরাত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী ও নিলুফার চৌধুরী মনি এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুহাম্মদ নাজিবুর রহমান।
সফরকালে স্পিকার বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সরকারি বাসভবন ‘আইওয়ান-ই-সদর’-এ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফের দেওয়া এক নৈশভোজেও তিনি অংশ নেন। প্রতিনিধিদলটির রোববার (২৮ নভেম্বর) দেশে ফেরার কথা রয়েছে।





























