আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন
যমুনা নিউজ বিডি: কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
তিনি আরও জানান, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট দুই উপজেলার উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে তিনি আরও জানান, হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। গত ৩১ আগস্ট ২০২৬-এ প্রকাশিত ভোটার সংখ্যার তুলনায় এ পর্যন্ত ভোটার বেড়েছে ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে যাচ্ছে ব্যালট
বর্তমানে দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৯৭ জন।
তিনি বলেন, এই হালনাগাদ ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যবহার করা হবে।
নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় প্রসঙ্গে তিনি জানান, আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। এ জন্য নিবন্ধিত ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
কোনো নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার জন্য বাদ দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাউকে বাদ দেওয়া হয়নি।



























