বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ সম্পন্ন
যমুনা নিউজ বিডি: বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কোস্ট গার্ডের যৌথ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামে কোস্ট গার্ড বেইসে ২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ‘এক্সারসাইজ গার্ডিয়ান শার্ক-১’ (Exercise Guardian Shark-1) শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপপ্রধান মিশন (Acting Deputy Chief of Mission) ত্রিশিতা মৌলা (Ms. Trishita Maula)। অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ যৌথ প্রশিক্ষণ পারস্পরিক আস্থা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে উভয় দেশের সক্ষমতা বৃদ্ধিতেও এ প্রশিক্ষণ সহায়ক হবে।
তিনি আরও জানান, প্রশিক্ষণ কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা সুদৃঢ় করার লক্ষ্যে ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স আয়োজন অব্যাহত থাকবে।


























