রংপুরে তিন দিনব্যাপী ইজতেমা শুরু
রংপুরে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের ইজতেমা ও ধর্মীয় সমাবেশ আনুষ্ঠানিকভাবে আজ শুরু হয়েছে ।
ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে নগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং ও দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।
আগামী ২৮ নভেম্বর শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী এ আয়োজন।
তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এসব কার্যক্রমের মাধ্যমে মুসল্লিদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় শনিবার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
ইজতেমায় অংশ নিতে পীরগাছা থেকে আসা মেহাম্মদ শাহজাহান বলেন, নিজের ঈমান আমলকে মজবুত করার জন্যে তিনি ইজতেমায় এসেছেন।
মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ ও মতপার্থক্য দূর হয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্য প্রতিষ্ঠিত হোক—এই কামনা করি। মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক।
তারাগঞ্জ থেকে আসা মুসফিকুর রহিম বলেন, আমি দোয়া করি আমরা প্রত্যেকে যেন ইজতেমাকে কেন্দ্র করে হেদায়েতপ্রাপ্ত হই। ইজতেমা শেষে আমরা সবাই যেন আল্লাহ্র রাস্তায় বের হয়ে দ্বীনি শিক্ষা বিস্তার করতে পারি।
আয়োজক কমিটির দায়িত্বশীলদের একজন মো.মাহমুদুল আমিন বলেন, ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।
ইজতেমাকে কেন্দ্র করে অনেকগুলো বিদেশি জামাত এসেছে। তাদের সার্বিক সুযোগ-সুবিধা আমরা নিশ্চিত করেছি।
আয়োজকরা জেলা ইজতেমায় এবার রংপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লি সমাগমের আশা করছেন।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন বিদেশি জামাতের মেহমানও ইজতেমায় অংশ নিচ্ছেন।’
ফজরের নামাজের পর আম বয়ান-
আয়োজক কমিটির হাফিজুর রহমান হাফিজ বলেন, ইজতেমা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
স্থানীয় সংগঠক শামীমুজ্জামান শামীম বলেন, মাঠ আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে।
মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয়েছে। বসানো হয়েছে প্রয়োজনীয় সংখ্যক পানির কল। এসব কলের মাধ্যমে একসঙ্গে প্রায় তিন থেকে চার হাজার মানুষ ওজু করতে পারবেন।
আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অর্ধশতাধিক মেডিকেল টিম।
ইজতেমা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আয়োজকদের পাশাপাশি স্থানীয় প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।


























