চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে যুক্ত হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী
যমুনা নিউজ বিডি: আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যপুস্তকে খেলাধুলা নামে একটি বই সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। পর্যায়ক্রমে দশম শ্রেণি পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, “আমরা খেলাধুলাকে কোনো অপশনাল সাবজেক্ট হিসেবে রাখিনি, বরং কম্পালসরি সাবজেক্টে পরিণত করেছি। আগামী যে শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে খেলাধুলা নামক একটি বই সংযোজন হচ্ছে। এই সংযোজনের মধ্য দিয়ে আমরা যে কাজটি করছি, সেটি হচ্ছে—সকালবেলা অভিভাবকেরা সন্তানকে নিয়ে স্কুলে যাবেন, আবার বিকেলেও খেলার মাঠে আসতে উৎসাহিত করবেন।”
প্রতিমন্ত্রী বলেন, “আমরা এমন একটি ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করছি, যেখানে শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ না করলে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। পর্যায়ক্রমে চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম, ষষ্ঠ এবং দশম শ্রেণি পর্যন্ত খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। আশা করছি ইনশাআল্লাহ, এ উদ্যোগ বাস্তবায়ন করতে পারব।”
নতুন প্রজন্মকে সুস্থ ও আসক্তিমুক্ত রাখার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “আমরা আগামী বাংলাদেশে আমাদের সন্তানদের সুস্থ হিসেবে দেখতে চাই। আমরা একটি মুক্ত সমাজ চাই। আমাদের সন্তানদের বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রাখতে চাই। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে চাই।”
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত খেলার মাঠে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা এবং আসক্তিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য, রুয়েট উপাচার্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।





























