আগামী ১ বছরে চালু হবে বাংলাদেশের নিজস্ব এআই অবকাঠামো
যমুনা নিউজ বিডি: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বে অর্থনীতি, শিল্প ও ব্যবসার চেহারা দ্রুত বদলে যাচ্ছে। যে দেশ যত বেশি নিজস্ব প্রযুক্তি তৈরি করতে পারছে, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগও তত বাড়ছে তার সামনে। বাংলাদেশেও এআই ব্যবহারের প্রবণতা বাড়ছে। তাহলে প্রশ্ন ওঠে, শুধু বিদেশি প্রযুক্তির ওপর ভর করে কি এই প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব? সংশ্লিষ্টদের মত, কেবল ব্যবহারকারী হয়ে থাকলে চলবে না। নিজস্ব এআই তৈরি, গবেষণা, দক্ষ জনবল ও প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে হবে। অন্যদিকে প্রযুক্তি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ টানা এবং নতুন শিল্প গড়ে তোলার সম্ভাবনাও তৈরি হচ্ছে।
এই সম্ভাবনা বাস্তবে রূপ দেওয়ার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রযুক্তিগত সক্ষমতা অর্জন। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সক্ষমতা ও প্রযুক্তিগত স্বাধীনতা পেতে হলে নিজস্ব এআই অবকাঠামো, বাংলা ভাষার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), গবেষণা, দক্ষ মানবসম্পদ ও দেশীয় উদ্ভাবন দরকার। এ লক্ষ্যে আগামী ১২ মাসের মধ্যে দেশের নিজস্ব সার্বভৌম এআই অবকাঠামো চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে এআইকে ঘিরে নতুন বিনিয়োগ, প্রযুক্তি উদ্যোক্তা তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সম্ভাবনাও দেখা দিচ্ছে।
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানিয়েছেন, আগামী বছরের মধ্যে বাংলাদেশে সার্বভৌম এআই অবকাঠামো চালু হবে। এর জন্য দরকারি কম্পিউটিং চিপ ও মেমোরি মডিউল সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত হয়েছে। অবকাঠামোটি বেসরকারি প্রতিষ্ঠান, স্টার্টআপ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ফলে দেশীয় প্রযুক্তিবিদেরা বাংলা ভাষার নিজস্ব এলএলএম তৈরি করতে এবং নতুন এআইভিত্তিক সেবা উদ্ভাবন করতে পারবেন। বর্তমানে এআইয়ের ব্যবহার বাড়লেও উন্নত মডেল তৈরি ও চালানোর জন্য দরকারি কম্পিউটিং অবকাঠামো, উচ্চক্ষমতার জিপিইউ, বিপুল তথ্যভাণ্ডার ও গবেষণার সুযোগ সীমিত। তাই বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের মডেল ও ক্লাউড সেবার ওপর নির্ভর করতে হচ্ছে। নিজস্ব অবকাঠামো দাঁড়ালে এই নির্ভরতা কমবে, আর স্থানীয় উদ্যোক্তারা নতুন পণ্য ও সেবা তৈরির বাড়তি সুযোগ পাবেন।
উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, শুরুতেই বড় কোনো এআই কেন্দ্র বানানো হচ্ছে না। তার বদলে ছোট ও মডিউলার কাঠামো গড়ার পরিকল্পনা আছে। বেসরকারি খাতের চাহিদা বাড়লে স্থানীয় প্রতিষ্ঠানগুলো সেখানে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা যুক্ত করতে পারবে। উন্নতমানের জিপিইউ সংগ্রহের জন্য আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে।
এদিকে এআই ও সেমিকন্ডাক্টর খাতকে ঘিরে বিনিয়োগের নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী) প্রযুক্তিনির্ভর শিল্প, উচ্চমূল্য সংযোজন ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা আছে বলে তিনি মনে করেন। তাঁর বক্তব্য, এ খাতে বড় বিনিয়োগের সুযোগ থাকলেও তৈরি পোশাকশিল্পের মতো ব্যাপক কর্মসংস্থান হবে না। বরং প্রযুক্তিগত দক্ষতা, উচ্চমূল্যের উৎপাদন ও নতুন বাজার তৈরির সম্ভাবনা বেশি। বিনিয়োগের সুযোগ শুধু এআই সফটওয়্যারে সীমাবদ্ধ নয়। ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, চিপ ডিজাইন, সাইবার নিরাপত্তা, সফটওয়্যার উন্নয়ন এবং এআইভিত্তিক শিল্পসেবায়ও নতুন সুযোগ আছে। তবে বিদেশি বিনিয়োগ টানার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোও জরুরি বলে তিনি মনে করেন।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের (সিএসইআর) চেয়ারম্যান ও ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীমের মতে, বাংলাদেশকে এখন প্রযুক্তি ব্যবহারের ধাপ ছাড়িয়ে নিজস্ব প্রযুক্তি তৈরির সক্ষমতার দিকে যেতে হবে। বিদেশি সফটওয়্যার, ক্লাউড সেবা বা এআই মডেল ব্যবহার করে তাৎক্ষণিক সুবিধা পাওয়া যায়। কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনৈতিক মূল্য তৈরি করতে চাইলে নিজস্ব গবেষণা, দক্ষ মানবসম্পদ, স্থানীয় তথ্যভাণ্ডার, প্রযুক্তি উন্নয়নের অবকাঠামো ও উদ্ভাবনী উদ্যোগ লাগবে।
তিনি বলেন, কৃষি, জলবায়ু, জনসংখ্যার ঘনত্ব, ভাষা ও শিল্পের ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতা উন্নত দেশগুলো থেকে আলাদা। তাই বিদেশে তৈরি প্রযুক্তি সরাসরি ব্যবহার করে দেশের সব সমস্যার কার্যকর সমাধান মিলবে না। আকস্মিক বন্যার পূর্বাভাস, কৃষকের জন্য আবহাওয়াভিত্তিক পরামর্শ, নগর পরিবহনের যানজট নিয়ন্ত্রণ, পোশাকশিল্পের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বাংলা ভাষায় নির্ভুল ডিজিটাল সেবা নিশ্চিত করতে স্থানীয় তথ্য ও বাস্তবতার ভিত্তিতে এআই বানাতে হবে। বাংলা ভাষাভিত্তিক এআই উন্নয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে বলেও তাঁর মত। শুধু প্রমিত বাংলা নয়, আঞ্চলিক ভাষা এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বুঝতে সক্ষম প্রযুক্তি দরকার। এর জন্য মানসম্মত বাংলা ডিজিটাল তথ্যভাণ্ডার, ভাষা প্রক্রিয়াকরণে গবেষণা এবং নিজস্ব এআই মডেল উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ জরুরি।
সাকিফ শামীমের বিশ্লেষণে আরও এসেছে, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সহযোগিতা ছাড়া এই সক্ষমতা তৈরি হবে না। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগাতে যৌথ গবেষণা, প্রযুক্তি স্থানান্তর, গবেষণায় অর্থায়ন ও মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এআই, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, রোবটিক্স ও সাইবার নিরাপত্তায় হাতে-কলমে শিক্ষা বাড়াতে হবে। বিদ্যমান কর্মীদেরও নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পুনঃদক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে।
তাঁর মতে, বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার পরবর্তী ধাপ হওয়া উচিত প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রযুক্তি তৈরির সক্ষমতা অর্জন। বিদেশি প্রযুক্তি নেওয়ার প্রয়োজন থাকবে, তবে দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য নিজস্ব জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ভিত্তি গড়তে হবে। এআই খাতের বিনিয়োগ-সম্ভাবনা শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, তৈরি পোশাক, পরিবহণ ও সরবরাহব্যবস্থায় এআইয়ের ব্যবহার বাড়লে উৎপাদনশীলতা ও সেবার মান বাড়বে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য নতুন বাজার তৈরি হবে।
































