ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জনকল্যাণকে স্থান দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
যমুনা নিউজ বিডি: শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা ও জ্ঞান অর্জনের পাশাপাশি ভবিষ্যতে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি প্রতিনিধিদল বঙ্গভবন পরিদর্শনে গেলে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ খুব ধনী দেশ নয়। তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যে পেশাতেই নিয়োজিত হও না কেন, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা সবার আগে চিন্তা করতে হবে।’
এদিন অধ্যক্ষ মেজর মো. শরিফুল ইসলামের নেতৃত্বে প্রতিষ্ঠানটির ৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষকের একটি প্রতিনিধিদল সম্প্রতি প্রকাশিত ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শন নীতিমালা, ২০২৬’-এর অধীনে বঙ্গভবন পরিদর্শনে যায়।
প্রতিনিধিদলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরাও ছিল।
শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এত দূর থেকে বঙ্গভবন পরিদর্শন করতে এবং এর ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে জানতে তারা এসেছে জেনে তিনি আনন্দিত।
শিক্ষার্থীদের দেশ, দেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতি সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়ার লক্ষ্যেই এ পরিদর্শন কর্মসূচি চালু করা হয়েছে বলে জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস থেকে অনুপ্রেরণা নিতে এবং দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।’
ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করতে শিক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও রাষ্ট্র পরিচালনাব্যবস্থা সম্পর্কে জানার গুরুত্বও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবনে সাবেক রাষ্ট্রপতিদের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তির ছবিও সংরক্ষিত রয়েছে। শিক্ষার্থীদের এসব ঐতিহাসিক স্মারক সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখে এবং রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতায় অংশ নেয়। পরে তারা রাষ্ট্রপতির সঙ্গে ফটোসেশনে অংশ নেয়।
এ সময় মির্জা ফখরুল রাঙামাটি সফরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
পরিদর্শনকালে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. শাহ জালাল ও তাসলিমাতুন নাহার এবং সিনিয়র সহকারী শিক্ষক নেত্রী রায় উপস্থিত ছিলেন।
এছাড়া রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।



























